![]() |
| Hey Mor Chitto Punyo (হে মাের চিত্ত পুণ্য তীর্থে জাগাে রে ধীরে) - Rabindra Sangeet |
হে মাের চিত্ত, পুণ্য তীর্থে জাগাে রে ধীরে
এই ভারতের মহামানবের সাগরতীরে।
হেথায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে নমি নরদেবতারে—
উদার ছন্দে, পরমানন্দে বন্দন করি তাঁরে ।
ধ্যানগম্ভীর এই-যে ভূধর, নদী-জপমালা-ধৃত প্রান্তর,
হেথায় নিত্য হেরাে পবিত্র ধরিত্রীরে—
এই ভারতের মহামানবের সাগরতীরে ।।
কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা
দুর্বার স্রোতে এল কোথা হতে, সমুদ্রে হল হারা ।
হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন—
শক-হুন-দল পাঠান-মােগল এক দেহে হল লীন।
পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার,
দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে—
এই ভারতের মহামানবের সাগরতীরে ॥
এসাে হে আর্য, এসাে অনার্য, হিন্দু-মুসলমান।
এসাে এসাে আজ তুমি ইংরাজ, এসাে এসাে খৃস্টান।
এসাে ব্রাহ্মণ, শুচি করি মন ধরাে হাত সবাকার ।
এসাে হে পতিত, হােক অপনীত সব অপমানভার ।
মার অভিষেকে এসাে এসাে ত্বরা, মঙ্গলঘট হয় নি যে ভরা
সবার-পরশে-পবিত্র-করা তীর্থনীরে—
আজি ভারতের মহামানবের সাগরতীরে ।।
