![]() |
| Amalo Dhabalo Paale Legechhe (অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া) - Rabindra Sangeet |
অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া-
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া ॥
কোন্ সাগরের পার হতে আনে কোন্ সুদূরের ধন-
ভেসে যেতে চায় মন,
ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া।
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া ॥
পিছনে ঝরিছে ঝরাে ঝরাে জল, গুরু গুরু দেয়া ডাকে-
মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে।
ওগাে কাণ্ডারী, কে গাে তুমি, কার হাসিকান্নার ধন।
ভেবে মরে মাের মন-
কোন্ সুরে আজ বাঁধিবে যন্ত্র, কী মন্ত্র হবে গাওয়া।
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া ॥
