![]() |
| Ghumer Ghano Gahan (ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন) - Rabindra Sangeet |
ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন,
তেমনি উঠে এসাে এসাে ।
শমীশাখার বক্ষ হতে যেমন জ্বলে অগ্নি,
তেমনি তুমি, এসাে এসাে ।
ঈশানকোণে কালাে মেঘের নিষেধ বিদারি
যেমন আসে সহসা বিদ্যুৎ
তেমনি তুমি চমক হানি এসাে হৃদয়তলে,
এসাে তুমি, এসাে তুমি এসাে এসাে ।
আঁধার যবে পাঠায় ডাক মৌন ইশারায়,
যেমন আসে কালপুরুষ সন্ধ্যাকাশে
তেমনি তুমি এসাে, তুমি এসাে এসাে ।
সুদূর হিমগিরির শিখরে
মন্ত্র যবে প্রেরণ করে তাপস বৈশাখ,
প্রখর তাপে কঠিন ঘন তুষার গলায়ে
বন্যাধারা যেমন নেমে আসে-
তেমনি তুমি এসাে, তুমি এসাে এসাে |
